মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাইয়ে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকার ভোলা সওদাগর বাড়ির মীর হোসেনের ঘরের সদর দরজার সামনে থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির দরজার সামনে পড়ে থাকা একটি কালো পলিথিনের প্যাকেট দেখে মীর হোসেনের সন্দেহ হয়। প্যাকেট খুলে দেখতেপান ভেতরে সদ্যজাত একটি নবজাতক কন্যাশিশু রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
এ বিষয়ে মীর হোসেন বলেন, 'সকাল ১০টার দিকে বাড়ির সদর দরজার সামনে একটি পলিথিনের প্যাকেট দেখতে পাই। কাছে গিয়ে কান্নার শব্দ শুনতে পাই। পরে প্যাকেট খুলে দেখি একটি নবজাতক শিশু। বিষয়টি আশপাশের লোকজনকে জানাই এবং স্থানীয় প্রতিবেশী আহম্মদ উল্ল্যাহর মাধ্যমে শিশুটিকে বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।'
স্থানীয়দের ধারণা, কন্যাশিশুটির জন্মের পরপরই তাকে সেখানে ফেলে রাখা হয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
বারইয়ারহাট সেফা ইনসান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস. এ. ফারুক বলেন, 'সকাল ১১টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। প্রথমে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ ছিল। চিকিৎসার পর বর্তমানে অবস্থার উন্নতি হচ্ছে।'
মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, 'বিষয়টি আমাকে সরাসরি কেউ জানায়নি। সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে জেনেছি। হাসপাতালে যোগাযোগ করে শিশুটির সর্বশেষ অবস্থা জানার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকালে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শিশুটির পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'
দৈনিক চট্টগ্রামপোস্ট