মুহিবুল হাসান রাফি, চট্টগ্রাম।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে র্যাব। গতকাল র্যাব-৭, চট্টগ্রামের একটি অভিযানে কোতোয়ালী থানা এলাকা থেকে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনী জেলা শহর থেকে প্রাইভেট কারে একটি মাদকের চালান নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ৩০ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৬:৫০টায় কোতোয়ালী থানাধীন মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে পাকা রাস্তায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন যানবাহন তল্লাশি শুরু করে র্যাব।
তল্লাশির একপর্যায়ে আনুমানিক ৬:৫৫টায় একটি প্রাইভেট কার চেকপোস্টের দিকে আসতে দেখে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ির চালক দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা অভিযুক্ত মো. আরিফুল ইসলাম ভূঞা (২১) কে আটক করতে সক্ষম হন। তার ঠিকানা: সদু কার্বারী পাড়া, থানা-রামগড়, জেলা-খাগড়াছড়ি। গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে নেমে পালিয়ে যান।
পরবর্তীতে গাড়ির ভেতর ও পেছনে রাখা আটটি বাদামি রঙের তেলের কার্টুন থেকে স্টিকারযুক্ত ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
আটককৃত আরিফুল ইসলাম ভূঞা জানায়, তিনি ও পলাতক অপর অভিযুক্ত দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ সংগ্রহ করে চট্টগ্রাম শহরের পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট