মঞ্জুরুল ইসলাম (লংগদু) প্রতিনিধি:
রাঙামাটির লংগদু উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাইনীমুখ জালিয়া পাড়ায় অবস্থিত শ্রী শ্রী শিব মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার।
বুধবার (৭ অক্টোবর) মন্দির পরিদর্শনকালে জোন কমান্ডার আসন্ন দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, মন্দিরের ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি ধর্মীয় উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সব ধরনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পরে পূজা আয়োজন ও সংশ্লিষ্ট সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য জোন কমান্ডারের পক্ষ থেকে মন্দির কর্তৃপক্ষের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। জোন কমান্ডারের এই মানবিক ও দায়িত্বশীল পদক্ষেপে গভীর সন্তোষ প্রকাশ করে মন্দির পরিচালনা কমিটি এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মন্দির পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
জোন কমান্ডার জানান, পার্বত্য অঞ্চলে সকল সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। অসাম্প্রদায়িক চেতনা ধরে রাখতে এবং সাধারণ মানুষের কল্যাণে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট