নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগে চিকিৎসাসেবা আরও কার্যকর করতে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করেছে সামাজিক উদ্যোগ ‘বিকন বাংলাদেশ’। বুধবার (১৭ জুন) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিনের হাতে এসব সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সহায়তার অংশ হিসেবে বিকন বাংলাদেশ ১৬ সেট হাই-ফ্লো সার্কিট অ্যান্ড ক্যানুলা এবং ১০ সেট অ্যাম্বুলেটরি ও পোর্টেবল ইলেকট্রিক সিরিঞ্জ পাম্প প্রদান করে, যা শিশু রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে বিকন বাংলাদেশের প্রতিষ্ঠাতা আশফাক কবির বলেন, “জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ ও সংহতির কোনো বিকল্প নেই। প্রতিকূল পরিস্থিতিতেও যারা জাতির সেবায় নিয়োজিত রয়েছেন, সেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানোকে আমরা দায়িত্ব ও সৌভাগ্যের বিষয় হিসেবে দেখি।”
তিনি চমেক হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরলস সেবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য আজিমুর রোকিয়া রহমান ট্রাস্ট এবং গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের এসএসসি ৯৫ ব্যাচের শিক্ষার্থীদের ধন্যবাদ জানান।
আশফাক কবির আরও বলেন, এ কার্যক্রম সফল করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মুহাম্মদ জাবেদ বিন আমিন চৌধুরী ও ডা. বেলায়েত হোসেন ঢালী, বিকন বাংলাদেশের জ্যেষ্ঠ চিকিৎসা উপদেষ্টা ডা. হুমায়ুন আলমগীর ও ডা. নুসরাত জাহান নীপা এবং স্বেচ্ছাসেবক দলের প্রধান মো. আবদুল্লাহ আল কায়সারসহ সংশ্লিষ্টদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ এ. জে. এম. দিয়াসউদ্দিন, রেবেকা নাসরীন এবং বিকন বাংলাদেশের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট