নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে গহীন জঙ্গল থেকে ৩ লাখ টাকার সেগুন ও আকাশমণি কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ।
রবিবার (১৫ মার্চ) পরিচালিত অভিযানে প্রায় ২০০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের উদালিয়া এলাকার গহীন জঙ্গল থেকে সরকারি বনের গাছ কেটে পাচার করার সময় এসব কাঠ জব্দ করা হয়। জব্দকৃত কাটের মূল্য তিন লক্ষ টাকা। অভিযান শেষে কাঠগুলো উপজেলার নাজিরহাট বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উপজেলার ফরহাদাবাদ ও উদালিয়া এলাকায় একশ্রেণীর কাঠ ব্যবসায়ী বন থেকে কাঠ কেটে বিক্রি করার খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, অবৈধভাবে গাছ কাটা, কাঠ সংগ্রহ ও পাচারের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইন এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক চট্টগ্রামপোস্ট