ঢাকা | বঙ্গাব্দ

হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলীতে স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 7, 2026 ইং
হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলীতে স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের ছবির ক্যাপশন: হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলীতে স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব সিডিএ চেয়ারম্যানের
ad728
নিউজ ডেস্ক | চট্টগ্রাম 

চট্টগ্রাম নগরে ক্রমবর্ধমান জনসংখ্যা, আবাসন সংকট ও যানজটের চাপ কমাতে নতুন উদ্যোগ। নগরসংলগ্ন হাটহাজারী, বোয়ালখালী, আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় মাস্টারপ্ল্যান অনুযায়ী স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন।

​গত রোববার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশের নয়টি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের বৈঠকে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

​বৈঠকে সিডিএ চেয়ারম্যান বলেন, বিদ্যমান মাস্টারপ্ল্যান অনুযায়ী চার উপজেলায় আধুনিক স্যাটেলাইট শহর গড়ে তোলা গেলে চট্টগ্রাম নগরের ওপর জনসংখ্যা, আবাসন ও যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে পরিকল্পিত ও টেকসই নগরায়ণের পথ আরও সুগম হবে।

​তিনি জানান, স্যাটেলাইট শহরগুলো পরিকল্পিতভাবে গড়ে তোলা হলে আবাসন, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য নাগরিক সুবিধা বিকেন্দ্রীকরণ সম্ভব হবে। এর ফলে নগরের কেন্দ্রভাগের ওপর অতিরিক্ত চাপ কমবে এবং আশপাশের উপজেলাগুলোতেও ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিত হবে।

​বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন কর্তৃপক্ষগুলোর চেয়ারম্যানদের বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেন। তিনি নগরগুলোকে সবুজ, টেকসই ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নগরের পরিচ্ছন্নতা বজায় রাখা, নালা–নর্দমা নিয়মিত পরিষ্কার করা এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও দেন।

​বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রামে দ্রুত নগরায়ণ ও জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে পরিকল্পিত উপশহর গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়িত হলে নগরের ওপর চাপ কমবে। একই সঙ্গে ভবিষ্যতের নগর ব্যবস্থাপনা আরও কার্যকর ও টেকসই হবে।



নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স