প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
দীঘিনালা জোনের উদ্যোগে উপজেলার উল্টাছড়ি, পাকুজ্জাছড়ি, ধনপাতাছড়া দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র এবং শিশুদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত (০৩-০৬ ডিসেম্বর) তারিখের মধ্যে পরিচালিত এই মানবিক কার্যক্রমে উপস্থিত দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক এর নির্দেশনায় লেফটেন্যান্ট শেখ সাব্বির আহমেদ এবং ওয়ারেন্ট অফিসার মো. মহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে দূর্গম পাহাড়ি এলাকার শতাধিক পরিবারের হাতে কম্বল বিতরণের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ভলিবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের মাঝে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে।
সামগ্রী পেয়ে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ করে দীঘিনালা জোনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, প্রতিকূল আবহাওয়া ও দূরত্বের কারণে এসব এলাকায় নিয়মিত সহায়তা পৌঁছানো কঠিন হলেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয়দের কাছে আশীর্বাদস্বরূপ।
দীঘিনালা জোনের কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, মানবিক সহায়তা প্রদান এবং আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট