নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরের তিনটি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেছেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চট্টগ্রাম বিভাগের ডা. সেখ ফজলে রাব্বি এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
পরিদর্শনে তারা চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন, বায়ো ল্যাব ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং হেলথ আইকন ল্যাব অ্যান্ড কনসালটেশন পয়েন্টের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় কাগজপত্র ও ডকুমেন্ট যাচাই করা হয়।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে নির্ধারিত নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও পরিদর্শন কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট