নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বিভাগীয় সমন্বয়ক কমিটি ও তৃণমূলের মতামত উপেক্ষা করে ঘোষিত গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে সংগঠনটির তৃণমূল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বুধবার রাত ৮টায় নগরীর দুই নম্বর গেইট থেকে মশাল মিছিলটি শুরু হয়ে জিইসি মোড় প্রদক্ষিণ করে পুনরায় দুই নম্বর গেইটে এসে শেষ হয়।
মশাল মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সদ্য ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক সেকান্দার সানি বলেন, “আমি এই অসাংগঠনিক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করছি। তৃণমূলের মতামত নেওয়ার কথা থাকলেও তা উপেক্ষা করে ৯০% নেতাকর্মীর বিরোধিতার মধ্যেই ভিপি নুরুল হক নুরের বাসায় এই কমিটি গঠন করা হয়েছে।” তিনি অবিলম্বে কমিটি বাতিলের দাবি জানান এবং যারা “অবৈধ কমিটি অনুমোদনে ভূমিকা রেখেছেন” তাদের চট্টগ্রামের রাজনীতিতে অবাঞ্ছিত ঘোষণা করেন।
নগর ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি আবু রায়হানও সদ্য ঘোষিত কমিটি এবং তাদের মদদদাতাদের চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেন। মহানগর ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ওসমান গণি বলেন, “২৪ ঘণ্টার মধ্যে এই কমিটি বাতিল করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
মশাল মিছিলে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সদ্য ঘোষিত কমিটির সিনিয়র সহসভাপতি আমির হোসেন জুয়েল, সহসভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মামুন, সহসাংগঠনিক সম্পাদক শাহীন রেজা, মহানগর পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিক অধিকার পরিষদের বিভাগীয় উপকমিটির সদস্য মো. সেলিম, মহানগর শ্রমিক অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাজিব, যুব অধিকার পরিষদ মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাসেলসহ ছাত্র, যুব, শ্রমিক ও পেশাজীবী অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।

দৈনিক চট্টগ্রামপোস্ট