নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় এক বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করে আস্থা, নিরাপত্তা ও মানবিকতার প্রতীক হয়ে ওঠা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বদলি জনিত কারণে বিদায় নিয়েছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) নাইক্ষ্যংছড়ি থানার হলরুমে আয়োজিত তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, পেশাজীবী সংগঠন ও গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষের ঢল নামে।
অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন বিদায় মুহূর্তে।
নাইক্ষ্যংছড়িবাসীর মতে, রাজনৈতিক অস্থিরতা ও জটিল সময়েও তিনি রাখেন শান্ত, দৃঢ় ও বিচক্ষণ নেতৃত্ব। মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং প্রতিটি ঘটনার দ্রুত তদন্তে তার পেশাদারিত্ব ছিল ব্যতিক্রমী। থানায় যোগদানের পর থেকেই মানবিকতার ছোঁয়ায় তিনি হয়ে ওঠেন এলাকার মানুষের আস্থার ঠিকানা।
এখন তিনি যোগ দিচ্ছেন রাঙামাটি জেলার বিলাইছড়ি থানায় নতুন দায়িত্বে।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বান্দরবান জেলা বিএনপির সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আলম কোম্পানি বক্তব্যে বলেন, “ওসি মাসরুরুল হক ছিলেন একজন দায়িত্বশীল, নিরপেক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা। তাকে বিদায় দিতে সত্যিই কষ্ট হচ্ছে।”
সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, “তিনি নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন মাত্রায় উন্নীত করেছেন। তার সৎ ও কঠোর অবস্থান মানুষকে নিরাপত্তা দিয়েছে।”
জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলার আমীর আবু নাছের বলেন, “মানবিক আচরণ এবং মানুষের সমস্যার প্রতি তার আন্তরিকতা ছিল অসাধারণ।”
নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল বলেন,
“গণমাধ্যম-বান্ধব ওসি হিসেবে তিনি সবসময় তথ্য দিতে সহযোগিতা করেছেন।”
থানার ওসি তদন্ত একরামুল্লাহ, সেকেন্ড অফিসার মনসুর হোসেন মানিকসহ উপস্থিত অনেকে তাঁর মানবিক ও পেশাদার ভূমিকার প্রশংসা করেন।
বিদায়ী বক্তব্যে ওসি মাসরুরুল হক আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “দায়িত্বকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। নাইক্ষ্যংছড়িবাসীর সহযোগিতা, ভালোবাসা ও সম্মান আমি আজীবন মনে রাখব।”
তিনি আরও বলেন, “মাদকবিরোধী কার্যক্রম কিংবা যে কোনো অপরাধ দমনে আমি সবসময় নিরপেক্ষ থেকেছি। মানুষের নিরাপত্তা ছিলই আমার প্রথম দায়িত্ব।
স্থানীয়রা মনে করছেন—বদলি একটি নিয়মিত প্রশাসনিক রুটিন হলেও জনপ্রিয়, দক্ষ ও মানবিক এই পুলিশ কর্মকর্তার বিদায়ে নাইক্ষ্যংছড়িতে যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়।
মানুষ হারাল একজন সৎ, দৃঢ়, মানবিক ওসি; রেখে গেলেন স্মৃতি, আস্থা ও ভালোবাসার অমূল্য উত্তরাধিকার।

দৈনিক চট্টগ্রামপোস্ট