ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ট্রাস্টের রেজুলেশন জালিয়াতির মামলায় আদালতে আত্মসমর্পণ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ট্রাস্টের রেজুলেশন জালিয়াতির মামলায় আদালতে আত্মসমর্পণ ছবির ক্যাপশন: জামিনে জাহাঙ্গীর আলম খান
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
 চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কমপ্লেক্স (সিআইআইটিসি) ট্রাস্টের রেজুলেশন জালিয়াতি, ব্যাংকের সিগনেটরি পরিবর্তন এবং অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র এজাহারভুক্ত আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান আদালতে আত্মসমর্পণ করেছেন।

গতকাল চট্টগ্রাম ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন।

শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা জাহাঙ্গীর আলম খানের বার্ধক্যজনিত অসুস্থতার বিষয়টি তুলে ধরে তাকে ৯০ বছর বয়সী দাবি করে জামিন প্রার্থনা করেন। তবে বাদীপক্ষের দাবি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ৮২ বছর।

জামিন আদেশের পর বাদীপক্ষের প্রধান কৌশুলী অ্যাডভোকেট এ. এম. জিয়া হাবীব আহসান সাংবাদিকদের জানান, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এম এ মালেক খুলশী থানায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৪২০, ৪০৬, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪১৯ ও ৫০৬ ধারায় মামলাটি (মামলা নং-৪(৬)২৬) দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, জাহাঙ্গীর আলম খান ও তার অজ্ঞাতনামা সহযোগীরা ট্রাস্টের আইন ও বিধি-বিধান লঙ্ঘন করে ২০২৫ সালের ২৬ জুলাই সিআইআইটিসি ট্রাস্ট বোর্ডের তথাকথিত ৯২তম সভা আহ্বান করেন। ওই সভায় ২০২৩ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত ৯০তম সভার সিদ্ধান্তের বিপরীতে একটি ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত রেজুলেশন প্রস্তুত করা হয় বলে অভিযোগ রয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়, বৈধ চেয়ারম্যান এম এ মালেককে অবহিত না করে এবং ট্রাস্ট ডিড অনুযায়ী ট্রাস্টিদের নোটিশ না দিয়েই তথাকথিত ৯১তম, ৯২তম ও ৯৩তম সভা আহ্বান করা হয়। এসব সভার মাধ্যমে জাল নথিপত্র ব্যবহার করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে ট্রাস্টের হিসাবের সিগনেটরি পরিবর্তন করা হয় বলে বাদীপক্ষ দাবি করেছে।

বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে হাসপাতালের কোটি কোটি টাকার তহবিল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অবৈধভাবে স্থানান্তর, তছরুপ ও আত্মসাৎ করা হয়েছে। এ সংক্রান্ত দালিলিক প্রমাণ প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত রয়েছে বলেও দাবি করা হয়।

শুনানিতে বাদীপক্ষ আরও জানায়, জাহাঙ্গীর আলম খানের বিরুদ্ধে খুলশী থানার আরেকটি মামলায় চিকিৎসাখাতের ৮৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিটে তিনি ৩ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন। ওই মামলায় উচ্চ আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং নিম্ন আদালত পাসপোর্ট জব্দের আদেশ দিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়।

জামিন আদেশের প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এ. এম. জিয়া হাবীব আহসান বলেন, বর্তমান মামলায় আরও ৭–৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটনের স্বার্থে প্রধান আসামি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খানকে জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য, মামলার অভিযোগগুলো তদন্তাধীন এবং এ বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনো হয়নি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট