সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি দেশিয় তৈরি একনলা বন্দুক, তিনটি কার্তুজ ও একটি কিরিচসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম মোহাম্মদ ইফতেখার (২৬)। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইফতেখার উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইছামতি আলীনগর এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে ইছামতি আলীনগর এলাকায় এক যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থান করছেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে ইফতেখারকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাশের একটি খামার থেকে একটি দেশিয় তৈরি একনলা বন্দুক, তিনটি কার্তুজ ও একটি কিরিচ উদ্ধার করা হয়েছে।
পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত আরও বলেন, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আজ রোববার বিকেলের দিকে অস্ত্রসহ গ্রেপ্তারকৃত ইফতেখারকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

দৈনিক চট্টগ্রামপোস্ট