নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের ফলের গলিতে অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি সিগারেট জব্দ করেছে র্যাব-৭।
সোমবার (১০ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফলের গলির একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়।
র্যাব-৭ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। পরে ভবনের কয়েকটি কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় সরকারি শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট পাওয়া যায়।
র্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান বলেন, অভিযানে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
তিনি বলেন, এসব সিগারেট অবৈধভাবে আমদানি ও বিক্রির সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব-৭।
দৈনিক চট্টগ্রামপোস্ট