বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে জনজীবন রক্ষায় প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ। বজ্রপাত নিরোধনের লক্ষে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নাপোড়া মাষ্টার নজির আহমদ সড়কে ক্রপ কেয়ার ডিভিশন "স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির" উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১২ টায় বজ্রপাতে নিরোধন ২ শতাধিক তাল গাছের চারা রোপণ করা হয়েছে। পরে এক আলোচনা সভা নাপোড়া স্মার্ট কনভেনশন হল রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের সেল্স কোর্ডিনেটর কৃষিবিদ ফরিদ আহমদ, জোনাল সেল্স ম্যানেজার মোঃ নাজিম উদ্দীন, ফিল্ড ম্যানেজার মোঃ হাসান মাহমুদ, সেল্স ডেভেলপমেন্ট অফিসার মাইনুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সবুজ কান্তি দাশ,
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ কাউছার, লিজা আক্তার, ইউপি সদস্য মোঃ আরিফুল ইসলাম প্রমূখ।
সাম্প্রতিক বছরগুলোতে দেশে বজ্রপাতে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবহাওয়াবিদ ও পরিবেশ বিশেষজ্ঞদের মতে, উঁচু গাছের সংখ্যা কমে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ফলেই বজ্রপাতের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ বাস্তবতায় প্রাকৃতিক উপায়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে স্কয়ার গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীরা এক হয়ে এই পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেন।
কর্মসূচিতে উপস্থিত বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা (CSR) কার্যক্রমের অংশ হিসেবে এই চারা রোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তালগাছ কেবল বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতেই তাদের এই প্রচেষ্টা। স্থানীয় সাধারণ মানুষ ও পরিবেশপ্রেমীরা স্কয়ার গ্রুপের এই সময়োপযোগী সামাজিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দেশের অন্যান্য শিল্পপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোও পরিবেশ রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় এভাবে এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করছেন সচেতন মহল।
দৈনিক চট্টগ্রামপোস্ট