কামরুল সিফাতউল্লাহ | চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সচিব আশরাফুল আমিনের বিরুদ্ধে একটি সূত্রবিহীন অডিওকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটিকে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চক্রান্ত বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে ২০২৪ সালের দাবি করে একটি অডিও ছড়িয়ে পড়ে। চসিক সচিব আশরাফুল আমিন এই অডিওকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন। তাঁর দাবি, অডিওর কণ্ঠটি তাঁর নয়; আধুনিক প্রযুক্তির অপব্যবহার কিংবা কণ্ঠ নকল করে পরিকল্পিতভাবে এটি তৈরি করা হয়ে থাকতে পারে।
আগ্রাবাদে নতুন বাড়ি নির্মাণের যে অভিযোগ প্রচারিত হয়েছে, সেটিকেও অসত্য বলে জানান তিনি। চসিক সচিব বলেন, আগ্রাবাদে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। দেশের কোথাও বা বিদেশে তাঁর কিংবা তাঁর পরিবারের নামে কোনো জমি বা ফ্ল্যাট নেই। প্রায় ২০ বছর আগে তাঁর বাবার কেনা একটি অ্যাপার্টমেন্টেই তিনি ভাইদের সঙ্গে সপরিবারে বসবাস করছেন।
একই সঙ্গে নিজের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং চসিকে একক আধিপত্য বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগও অস্বীকার করেছেন তিনি। আশরাফুল আমিন জানান, সরকারি বিধিবিধান ও প্রশাসনিক এখতিয়ারের ভেতরে থেকেই চসিকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। মেয়রের নেতৃত্বে চলমান উন্নয়ন কাজ ব্যাহত করতে একটি চক্র ধারাবাহিকভাবে এই অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এ ধরনের সূত্রবিহীন তথ্য বা অডিও প্রচারের আগে তা যাচাই করে দেখার জন্য পেশাদার সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন চসিক সচিব।
এদিকে, সূত্রবিহীন অডিও ছড়িয়ে একজন সরকারি কর্মকর্তাকে হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে চসিকের কয়েকজন কর্মকর্তা ও মেয়রের অনুসারীদের আশরাফুল আমিনের পক্ষে পোস্ট করতে দেখা গেছে।
উল্লেখ্য, ছড়িয়ে পড়া অডিওটির সত্যতা, উৎস বা তৈরির প্রক্রিয়া নিয়ে স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য পাওয়া যায়নি।
দৈনিক চট্টগ্রামপোস্ট