প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এতে সমবায়ের বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ করেন।
গণসংযোগটি বাবুছড়া বাজার থেকে শুরু হয়ে কবাখালী বাজার, বোয়ালখালী নতুন বাজার, জামতলীসহ দীঘিনালা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার ও জনবহুল এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন ব্যবসায়ীরা এবং ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে অংশ নেওয়া কাঠ ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে দীঘিনালাসহ পার্বত্য অঞ্চলের ব্যবসায়ীরা নানা প্রতিবন্ধকতা ও অনিশ্চয়তার মধ্যে দিয়ে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও ব্যবসাবান্ধব নীতির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তাঁরা।
ব্যবসায়ীদের মতে, এসব সমস্যা সমাধানে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রতিনিধি। তিনি নির্বাচিত হলে পার্বত্য অঞ্চলের ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি মিঠু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শাহজাহান সাজুসহ সমিতির সদস্যবৃন্দ এবং শ্রমিক ইউনিয়নের নেতারা।

দৈনিক চট্টগ্রামপোস্ট