ঢাকা | বঙ্গাব্দ

দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 26, 2026 ইং
দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ছবির ক্যাপশন: দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের উন্নয়ন ও দেশের অগ্রযাত্রায় মেধাবী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করলেই হবে না, নিজের শহর, সমাজ ও দেশের জন্য কী করা যায় সেই চিন্তাও শিক্ষার্থীদের মধ্যে থাকতে হবে। তারাই ভবিষ্যতের চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, গবেষক, উদ্যোক্তা ও রাষ্ট্রের নেতৃত্বদানকারী মানুষ। তাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে চট্টগ্রামকে আরও সমৃদ্ধ করতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজের শাহ আলম বীর উত্তম মিলনায়তনে গাজী কে ডি ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে ভালো ফলাফল করা শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, এতগুলো মেধাবী শিক্ষার্থীর সামনে বক্তব্য রাখার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের বয়সে আমিও স্বপ্ন দেখতাম কীভাবে নিজেকে গড়ে তুলে মানুষের জন্য কাজ করা যায়।’
১৯৯১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করার কথা উল্লেখ করে তিনি বলেন, তখন সারা দেশে মেডিকেল কলেজ ছিল মাত্র আটটি এবং আসন ছিল ১ হাজার ২০০। তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে মেডিকেলে ভর্তি হতে হয়েছে। তাই জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের যোগ্য করে তুলতে হবে।

তিনি বলেন, চিকিৎসা পেশায় মানুষের সেবা করার পাশাপাশি বৃহত্তর পরিসরে মানুষের জন্য কাজ করার সুযোগ রয়েছে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও। এ কারণে পড়াশোনার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে মানুষের সেবা করার চেষ্টা করেছেন। বর্তমানে মেয়র হিসেবে তার লক্ষ্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলা।

মেধাবী তরুণদের বিদেশমুখী হওয়ার বিষয়টি উল্লেখ করে মেয়র বলেন, দেশের মেধাবী তরুণদের দেশেই প্রতিভার বিকাশ ঘটানোর সুযোগ তৈরি করা প্রয়োজন। শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা যেন দেশের মানুষের কাজে লাগে, সে লক্ষ্যেই এগিয়ে যেতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। এডিস মশা সাধারণত দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায়ও মশার কামড় থেকে সুরক্ষিত থাকতে হবে এবং বাসাবাড়িতে জমে থাকা পানি অপসারণ করতে হবে। নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও প্রতিবেশীদেরও সচেতন করার আহ্বান জানান তিনি।

চট্টগ্রামের উন্নয়নে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে ডা. শাহাদাত বলেন, তরুণ প্রজন্মের জন্য নগরীতে উন্মুক্ত স্থান, পার্ক, খেলার মাঠ ও বিনোদনের সুযোগ বাড়ানো হচ্ছে। এয়ারপোর্ট রোডে ২ দশমিক ২ কিলোমিটার সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে আরও উন্মুক্ত স্থান ও পার্ক তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ১১টি মাঠের কাজ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে অন্য মাঠগুলোও উন্নয়ন করা হবে। আগ্রাবাদে শিশুদের জন্য পার্কসহ নগরীর বিভিন্ন এলাকায় সবুজ ও উন্মুক্ত স্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের প্রযুক্তিগত সুবিধা সম্প্রসারণের কথা জানিয়ে চসিক মেয়র বলেন, চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। চট্টগ্রাম কলেজ, সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি সিটি কলেজ, ওমরগণি এমইএস কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেয়র শিক্ষা বৃত্তি চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা আরও এগিয়ে যাবে, নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে এবং একই সঙ্গে চট্টগ্রাম ও বাংলাদেশকে আলোকিত করবে—এটাই প্রত্যাশা।
গাজী কে ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে ও ইসমিতার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলাম, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, দৈনিক দেশ বর্তমানের সম্পাদক জমির উদ্দিন, এমসিইওর প্রতিষ্ঠাতা আইমান সাদিক, চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আনিসুল হোসেন বাবুল, কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. এস এম সরোয়ার আলম, ব্যবসায়ী সাকিব কাদের চৌধুরী, ডা. সামিউল প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা