বিশেষ প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার নতুন সিভিল সার্জন হিসেবে পদায়ন করা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. জাহাঙ্গীর আলমকে।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনিযুক্ত সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন। একই সঙ্গে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা বজায় রেখে চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
ডা. জাহাঙ্গীর আলম চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের মোস্তাফিজুর রহমান চৌধুরী ও কামরুন্নাহার দম্পতির সন্তান। তিনি ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন।
এর আগে তিনি চট্টগ্রাম জেলার সিভিল সার্জন হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামে দায়িত্ব পালনকালে স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি ও নানা প্রশাসনিক পদক্ষেপে তিনি প্রশংসনীয় ভূমিকা রেখেছিলেন। এছাড়া তিনি বাঁশখালী ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এবং কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি বাঁশখালীর কালীপুরে বসবাস করছেন।
দৈনিক চট্টগ্রামপোস্ট