মঞ্জুরুল ইসলাম লিটন, লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদুতে কৃষিকে আরও সমৃদ্ধ ও আধুনিকায়নের লক্ষ্যে 'পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হর্টিকালচার হলরুমে এ সম্মেলন আয়োজন করা হয়।
লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু জোন স্টাফ অফিসার মেজর জাকারিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মাহবুবুর রশিদ এবং অতিরিক্ত উপ-পরিচালক অরুন রায়। এছাড়াও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি আবু নাছির, উপজেলা জামায়াতের আমিরসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় প্রান্তিক কৃষক কৃষাণীরা।
অনুষ্ঠানে বক্তারা সাধারণ কৃষকদের উদ্দেশ্যে বলেন, সনাতন পদ্ধতি ছেড়ে আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষিকে আরও লাভজনক করতে হবে। যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে কীভাবে বাণিজ্যিকভাবে কৃষিপণ্য উৎপাদন করা যায়, সে বিষয়ে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। পাহাড়ি অঞ্চলে কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতি মজবুত করার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

দৈনিক চট্টগ্রামপোস্ট