নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
মিয়ানমারে পাচারকালে সেন্টমার্টিন সমুদ্র এলাকা থেকে বিপুল পরিমাণ সারসহ নয়জনকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (১ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ২টায় কোস্ট গার্ড জাহাজের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।
পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র হতে আটক করতে সক্ষম হয়। উক্ত বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ নয়জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দ সার, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।।
দৈনিক চট্টগ্রামপোস্ট