নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
উচ্চমাধ্যমিকে জিপিএ-৪.৫০ পেয়ে স্নাতকে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন মিফতাহুল জান্নাত দিলশাত (১৯)। স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে আইনজীবী হওয়ার। সেই স্বপ্ন পূরণের পথে গত মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে। কিন্তু বাড়ি থেকে বের হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। প্রায় সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মিফতাহুল।
সোমবার (২৩ নভেম্বর) ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের ব্যস্ততম চাতরী চৌমুহনী এলাকার উত্তর পাশে রাজছিলা মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সড়ক পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি।
হারুনুর রশিদ আরও বলেন, সাত দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ ভোরে আমার ভাগনি মারা গেছে। দুর্ঘটনার পর থেকে চিকিৎসার পেছনে আমাদের সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হয়েছে। কিন্তু দুর্ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেলচালক একবারও হাসপাতালে এসে খোঁজ নেননি। আমার ভাগনির বাবা নেই। অনেক কষ্টে তাকে বড় করা হয়েছে।
সোমবার আসরের নামাজের পর পটিয়ায় তাদের গ্রামের বাড়িতে মিফতাহুলের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান তার মামা।
মিফতাহুলের মৃত্যুর খবরে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মেয়েকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা রিজিয়া বেগম। স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেও সামলাতে পারছেন না। মেয়ের কথা বলতে বলতে বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী আহত হওয়ার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো স্বজনরা কোনো অভিযোগ বা মামলা করেননি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট