নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
বাংলাদেশ ব্যাংকের এক উপপরিচালক নাঈম রহমান রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। গত রোববার (৯ নভেম্বর) সকাল পর্যন্ত তিনি নিয়মিতভাবে অফিসে উপস্থিত ছিলেন। তবে দুপুর ১২টার পর হঠাৎ করে অফিসে নিজের ব্যাগ ও পরিচয়পত্র রেখে বেরিয়ে যান, তারপর থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জানা গেছে, অফিস ত্যাগের কিছুক্ষণ আগে দুপুর ১২টা ৫৩ মিনিটে নাঈম রহমান তার এক সহকর্মীকে শেষবারের মতো একটি বার্তা পাঠান। বার্তায় তিনি লেখেন—তার ছোট বোনের জন্য একটি চাকরির ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে বলেন, “এটাই হয়তো আমার শেষ চাওয়া।” ওই বার্তাটি থেকেই ধারণা করা হচ্ছে, নিখোঁজ হওয়ার সময় তিনি মানসিকভাবে চরম অস্থিরতায় ভুগছিলেন।
মোবাইল ট্র্যাকিং অনুযায়ী, তার সর্বশেষ অবস্থান শনাক্ত হয় রাজধানীর সায়দাবাদ এলাকায়, একই সময়—দুপুর ১২টা ৫৩ মিনিটে। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। পুলিশ তার সম্ভাব্য চলাচলের পথ ও লোকেশন ধরে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকার সভাপতি ও অতিরিক্ত পরিচালক মাসুম বিল্লাহ জানান, “আমরা সবাই নাঈমের খোঁজে আছি। তিনি তার পরিবারের একমাত্র পুরুষ সদস্য। মা, স্ত্রী, কন্যা ও ছোট বোন তার ফিরে আসার অপেক্ষায় আছেন।” তিনি অনুরোধ করেন, কেউ যদি নাঈম রহমানকে দেখে থাকেন বা তার কোনো খোঁজ জানেন, তাহলে দ্রুত নিকটস্থ থানায় বা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে।
নাঈম রহমানের এই হঠাৎ নিখোঁজ হওয়া ঘটনায় সহকর্মী ও পরিবারসহ ব্যাংক কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট