প্রবীর সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি,চট্টগ্রাম
খাগড়াছড়ির দীঘিনালায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে জেলা বিএনপি। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার লারমা স্কোয়ার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা, আর তারই অংশ হিসেবে সাধারণ মানুষের কাছে দলীয় প্রার্থীর বার্তা পৌঁছে দিতে পুরো এলাকা সরব হয়ে ওঠে।
গণসংযোগে খাগড়াছড়ি–২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়ার পক্ষে প্রচারে অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা লিফলেট বিতরণ করে ভোটারদের সামনে তুলে ধরেন ওয়াদুদ ভূইয়ার উন্নয়ন পরিকল্পনা। তারা বলেন, পাহাড়ি জনপদের শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্যসেবার প্রসার, অবকাঠামো উন্নয়ন, এবং স্থানীয় দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগোতে চান বিএনপি মনোনীত এই প্রার্থী। এছাড়া পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ও জনগণের আস্থা ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও ভোটারদের সামনে তুলে ধরা হয়।
গণসংযোগ শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবছার বলেন, “ওয়াদুদ ভূইয়া নির্বাচিত হলে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ঐক্য আরও সুসংহত হবে। সহাবস্থান ও অংশীদারিত্বের ভিত্তিতে উন্নয়ন এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, “বেকারত্ব কমাতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। স্থানীয় যুবকদের এগিয়ে নিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। খাগড়াছড়ির মানুষ পরিবর্তন চায়। সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত হলে ধানের শীষের পক্ষে সমর্থন স্পষ্টভাবে প্রতিফলিত হবে।”
এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং অনিমেষ চাকমা রিংকুও। নেতারা বলেন, পরিবর্তনের যাত্রায় জনগণকে পাশে নিয়ে বিএনপি পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জনজীবনের উন্নয়নে কাজ করতে চায়।
গণসংযোগ কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয় ভোটাররাও প্রার্থীর প্রতিশ্রুতি ও দলের পরিকল্পনা জানতে আগ্রহ দেখান। আসন্ন নির্বাচনে দীঘিনালাসহ পুরো খাগড়াছড়ি জেলায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

দৈনিক চট্টগ্রামপোস্ট