আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে এবং আশপাশের আরও কয়েকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ওই এলাকার মৃত সোলায়মানের ছেলে মো. আবুল কামাল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার ২ নম্বর বারশত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া গ্রামের পুরাতন মাদ্রাসা বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত এক লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। আগুনে ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ঘরের টিন খুলে পাইপ ও বালতির সাহায্যে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর আনোয়ারা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে রাস্তা সরু হওয়ায় একটি ইউনিট ভেতরে প্রবেশ করতে পারেনি। অন্য ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। পুরো উদ্ধারকাজে প্রায় ৩০ মিনিট সময় লাগে।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আব্দুল্লাহ জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয়দের দ্রুত সহযোগিতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি অগ্নিপ্রতিরোধ ও অগ্নিনির্বাপন বিষয়ে স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়।

দৈনিক চট্টগ্রামপোস্ট