আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।
গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে উপজেলার চাতরী ইউনিয়নের চাতরী চৌমুহনী এলাকার হাজী আবুল হোসেন মার্কেটে মো. শাকিলের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধ হয়ে আসামিরা দেলোয়ার হোসেনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম এবং হাড়ভাঙার মতো আঘাত করা হয়। একই সময় তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের মারধর, ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় আদালতের আদেশ পাওয়ার পর ১১ সেপ্টেম্বর আনোয়ারা থানায় মামলা নম্বর ১৮ হিসেবে মামলাটি রুজু করা হয়।
মামলার আসামিরা হলেন মো. রুবেল, আজম খান, মো. জুয়েল, মো. আকিব, মো. মিজান, মো. আবির হেলাল, মো. ইকবাল, মো. দিদার, মো. সেকান্দর, মো. সাকিব, মো. মোরশেদ, মো. মুহিম ও দেলোয়ার হোসেন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী দেলোয়ার হোসেনের দাবি, আসামিদের মধ্যে আজম খান ও রুবেল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। আর মামলার পঞ্চম আসামি মো. মিজান আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা এবং তিনি আনোয়ারা উপজেলা যুবলীগের সভাপতি শওকত ওসমানের অনুসারী।
দেলোয়ার হোসেন বলেন, হামলায় তিনি ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখনো তাঁদের আটক করতে পারেনি। এমন বর্বর ও সন্ত্রাসী হামলার পরও প্রশাসন কেন নীরব, তা আমাদের বোধগম্য নয়। ঘটনার পরও আমাদের হামলার উদ্দেশ্যে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
স্থানীয় সূত্রে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় চাতরী চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তার করে আসছেন বলে অভিযোগ রয়েছে। একই ব্যক্তিদের বিরুদ্ধে চাতরী চৌমুহনী বাজারের হাজী এ. আলী শপিং কমপ্লেক্স দখলের চেষ্টার অভিযোগে ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগও রয়েছে। ওই ঘটনায় কয়েকজন ব্যবসায়ী আহত হন এবং তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি মামলা করা হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট