ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলীতে চুরি হওয়া ৪১ দিনের শিশু সুবর্ণচর থেকে উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 ইং
কর্ণফুলীতে চুরি হওয়া ৪১ দিনের শিশু সুবর্ণচর থেকে উদ্ধার ছবির ক্যাপশন: কর্ণফুলীতে চুরি হওয়া ৪১ দিনের শিশু সুবর্ণচর থেকে উদ্ধার
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা 

চট্টগ্রামের কর্ণফুলীতে বাসা থেকে চুরি হওয়া ৪১ দিন বয়সী এক শিশুকে ২২ ঘণ্টার মধ্যে নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত একটার পর শিশুটিকে কর্ণফুলী থানায় নিয়ে আসার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। শিশুকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারে।

পুলিশ ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর একটি বাসা থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এক নারীর বিরুদ্ধে। তিনি ওই পরিবারের পূর্বপরিচিত এবং নিয়মিত বাসাটিতে যাতায়াত করতেন বলে জানিয়েছে পরিবার।

পরিবারের দাবি, ঘটনার সময় শিশুটির মা ওই নারীর কাছে শিশুটিকে রেখে বড় দুই সন্তানকে বাসায় রেখে বাজারে যান। কিছুক্ষণ পর ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে শিশুটিকে নিয়ে ওই নারীকে বাসা থেকে বের হতে দেখা যায়।

পরিবারের অভিযোগ, শিশুটিকে নিয়ে যাওয়ার পর ওই নারী তাঁর ভাড়া বাসা থেকেও টাকা-পয়সা ও কাপড়চোপড় নিয়ে পালিয়ে যান। পরে বিষয়টি জানিয়ে কর্ণফুলী থানায় অভিযোগ করেন শিশুটির পরিবারের সদস্যরা।

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করা হয়। প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করার পর কর্ণফুলী থানা পুলিশের একটি দল নোয়াখালীর সুবর্ণচর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করা হলেও অভিযুক্ত নারী পালিয়ে যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, পরিবার অভিযোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অভিযান শুরু করি। পরে প্রযুক্তির সহায়তায় শিশুটির অবস্থান শনাক্ত করে নোয়াখালীর সুবর্ণচর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

শিশুটিকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় কর্ণফুলী থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁরা ওসি নূর মোহাম্মদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হাসানাত মোহাম্মদ মাজেদুল হক, অপারেশন অফিসার এসআই তীথংকর দাস, এসআই মো. কামাল উদ্দিন ও এএসআই মো. আজমীর শরীফসহ অভিযানে অংশ নেওয়া পুলিশ সদস্যদের প্রতি ধন্যবাদ জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স