কর্ণফুলী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসর গ্রহণ করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব। দীর্ঘ কর্মজীবনে অসংখ্য শিক্ষার্থীকে পাঠদান ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখা এই শিক্ষককে সহকর্মী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভালোবাসা, ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী দিয়ে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জি এম জসিম উদ্দিন হায়দার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়মন আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন এম মহিউদ্দিন আলাভী। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম জিসান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মো. আবু তালেব তাঁর দীর্ঘ ৩৯ বছরের শিক্ষকতা জীবনে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পর্যায়ক্রমে সিনিয়র শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে সর্বশেষ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ এই পথচলায় পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
বিদায় সংবর্ধনায় প্রিয় শিক্ষককে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বর্তমান শিক্ষার্থীরা। সহকর্মী ও প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, ভালোবাসা ও আবেগঘন উপস্থিতিতে অনুষ্ঠানে সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী পরিবেশের। দীর্ঘদিনের সহকর্মী ও প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানের একপর্যায়ে তাঁকে সম্মাননা ও বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আলমগীর, প্রদীপ কুমার দাস, অনুরায়, মুনিরুল ইসলাম সেলিমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
৩৯ বছরের শিক্ষকতা জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া জ্ঞান, শিক্ষা ও আদর্শের মধ্য দিয়ে স্মরণীয় হয়ে থাকবেন মো. আবু তালেব। তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান ও স্মৃতি বিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে অমলিন হয়ে থাকবে।
দৈনিক চট্টগ্রামপোস্ট