ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে নিখোঁজের ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
চট্টগ্রামে নিখোঁজের ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ ছবির ক্যাপশন: চট্টগ্রামে নিখোঁজের ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে আনোয়ারায় নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুরে ভেসে উঠেছে মো. হোসাইন নামের এক ৬ বছরের শিশুর মরদেহ । 
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে হোসাইনের মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা।

নিহত মো. হোসাইন উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর পরুয়াপাড়া এলাকার রমজান আলী হাজীর বাড়ির আব্দুর রহিমের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। শিশুটির বাবা আব্দুর রহিম চট্টগ্রাম বন্দরে শ্রমিক হিসেবে কাজ করেন বলে জানা গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল হোসাইন। ছেলেকে খেলতে দেখে মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। এর মধ্যে কখন যে হোসাইন নিখোঁজ হয়ে যায়, তা পরিবারের কেউ বুঝতে পারেননি। সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। এলাকায় প্রচার-প্রচারণাও চালানো হয়। কিন্তু কোথাও তার সন্ধান মেলেনি।
ছেলেকে খুঁজে না পেয়ে রোববার রাত নয়টার দিকে আনোয়ারা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন বাবা আব্দুর রহিম। পরিবারের সদস্যদের উৎকণ্ঠায় কাটে রাত।

সোমবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে পানি আনতে গিয়ে কয়েকজন নারী পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা মরদেহটি উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আনোয়ারা থানা-পুলিশ।

নিহত শিশুর চাচা মো. জাবেদ বলেন, আমার ভাতিজা গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। পরে তার খোঁজে এলাকায় মাইকিং করা হয়। ভেবেছিলাম, হয়তো খুঁজে পাওয়া যাবে। কিন্তু সকালে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করতে হলো। এভাবে ওকে হারাতে হবে, কখনো ভাবিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. ইসহাক ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। খুব গরিব ঘরের সন্তান তারা। তাদের এমন দূর্ঘটনায় পুরো এলাকাবাসী শোকে কাতর হয়ে গেছে। গতকাল রাতে তার বাবা থানায় জিডি করে। সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়ে শিশুটির বাড়িতে এসেছি। পুলিশের একটি দলও এখানে রয়েছে। হোসাইনকে হারিয়ে তার বাবা-মা প্রায় ভেঙে পড়েছেন বলে জানান এই ইউপি সদস্য।

পুলিশের প্রাথমিক ধারণা, সাঁতার না জানায় অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। মরদেহ উদ্ধারের সময় শিশুটির মুখ দিয়ে পানি বের হচ্ছিল। প্রাথমিকভাবে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, শিশুটি সাঁতার জানতো না। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন