ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত ছবির ক্যাপশন: চট্টগ্রামে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয়ে সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সপ্তম জার্নালিজম ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) নগরের অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করেন বিভাগের ৩২তম ব্যাচের শিক্ষার্থীরা।
উৎসবে বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক এবং গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। সাংবাদিকতা পেশার চ্যালেঞ্জ, সম্ভাবনা ও কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করার নানা দিক নিয়ে আয়োজনে আলোচনা হয়।

উৎসবের অংশ হিসেবে সাংবাদিকতা ও গণমাধ্যমে ক্যারিয়ার বিষয়ক একটি সেশনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ‘দ্য হুইসল’-এর সম্পাদক ও অনুসন্ধানী সাংবাদিক বদরুদ্দোজা বাবু। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার বিভিন্ন দিক, পেশাগত চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা বিনিময় করেন। এ সময় তরুণ গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী, প্রক্টর রাশেদ খান মিলন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি দিলরুবা আক্তার।

বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।

দিনব্যাপী উৎসবে ক্যারিয়ারবিষয়ক সেশনের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, লাইভ কনসার্ট ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবটি পরিণত হয় এক মিলনমেলায়।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স