নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান ও তার সহযোগীদের গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান চালিয়েছে জেলা পুলিশ। অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি একটি পিস্তল, একটি একনলা বন্দুক, ৩৪ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম এসব তথ্য জানান।
গ্রেফতাররা হলেন- মো. এমরান হোসেন মাসুদ, কাজী মো. সাইদুল ইসলাম সৌরভ, মো. ইকতিয়ার ফরহাদ, মো. মহররম আলী, জনার্ধন দে ও মো. জাবেদ হোসেন।
পুলিশ জানায়, রায়হান ভূজপুর থানার সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর থেকে ভূজপুর থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ অভিযান শুরু করে। পুলিশ সুপার মো. মাসুদ আলমের তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলামের নির্দেশনায় হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ওই এলাকায় রায়হান ও তার সহযোগীরা অস্ত্র তৈরির কাজ করতেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পাহাড়ের আরও গভীরে পালিয়ে যান।
পুলিশ বলছে, ওইদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে রায়হান সহযোগীদের নিয়ে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে এলাকা ছাড়ার চেষ্টা করেন। সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করলে তারা গুলি ছোড়েন। এতে শটগানের গুলিতে ছয়জন আহত হন। এ সময় স্থানীয় লোকজন রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করেন।
ঘটনার পর রায়হান ও তার সহযোগীদের গ্রেফতারে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং ডিবি সদস্যরা অভিযান শুরু করেন। রাতভর তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রমের পাশাপাশি ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত ছিল।
পুলিশ জানায়, ২৫ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছেন। এ তথ্যের ভিত্তিতে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজীরহাটের কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মো. এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মো. সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেফতার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরখাঁরহাট বাজারের হাজি নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে মো. ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বন্দুকটি এজাহার মিয়া এবং গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিলেন।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মো. মহররম আলীকে (২৮) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্য, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত মহররম আলীর বাড়িতে অবস্থান করেছিলেন। পরে অন্যত্র যাওয়ার সময় নিজের পিস্তল ও গুলি তার কাছে রেখে যান। পরে কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার আরেক সহযোগী জনার্ধন দেকে (৬৫) গ্রেফতার করা হয়। তার কাছে আরও একটি পিস্তল থাকার তথ্য পেলেও সেটি অন্যত্র সরিয়ে নেওয়ায় উদ্ধার করা যায়নি।
পুলিশের উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল একটি, দুটি ম্যাগাজিন, পিস্তলের ২২ রাউন্ড গুলি, একনলা বন্দুক একটি, শটগানের ১২ রাউন্ড কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম ও একটি মোটরসাইকেল।
দৈনিক চট্টগ্রামপোস্ট