নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকার বহুল আলোচিত মোহাম্মদ সাকিব (২৩) প্রকাশ্য হত্যা মামলার মূল আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় তৈরি চাইনিজ কুড়াল এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যে নগরী, চট্টগ্রাম জেলা এবং কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইমন (২২), মো. রায়হান (২৫), মো. শাহেদ সালমান (২২), মোহাম্মদ হোসেন (২২), হাসান মোহাম্মদ রবিউল (২১),
মো. সাকিব হোসেন (১৮), মো. আছমান (২৩) ও ফয়সাল (২৩)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। তিনি জানান, নিহত মোহাম্মদ সাকিব চান্দগাঁও থানার বিসিক এলাকার একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন। ঘটনার আট দশ দিন আগে এক নম্বর আসামি ইমন এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই করে। সাকিব ঘটনাটির প্রতিবাদ করেন এবং স্থানীয় অধিবাসীদের সহায়তায় ফোনটি উদ্ধার করে মূল মালিককে ফেরত দেন। এতে সাকিবের ওপর ক্ষিপ্ত হয় আসামিরা।
গত ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টায় সাকিব ও তার প্রতিবেশি অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে ইমনসহ তার সহযোগীরা সাকিবকে রিকশা থেকে নামিয়ে ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। মারাত্মক জখম অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে চান্দগাঁও থানায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট