খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদ্যালয়ের দেয়ালিকা উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের সৃজনশীলতা, চিন্তাশক্তি ও প্রতিভা বিকাশের লক্ষ্যে বিদ্যালয়ের দেয়ালিকা আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকম্পা চাকমা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কনিকা খীসা এবং উপজেলা রিসোর্স সেন্টারের (ইউআরসি) ইন্সট্রাক্টর মো. মাঈনউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম বদিউজ্জামান, সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের মেধাবী ও কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাদের এ সাফল্য শুধু বিদ্যালয়ের নয়, পুরো দীঘিনালা উপজেলার জন্য গৌরবের। শিক্ষার্থীদের এই অর্জনের পেছনে শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টা, সহযোগিতা ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান তাঁরা।
স্বাগত বক্তব্যে বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান বলেন, দেয়ালিকা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, সাহিত্যচর্চা, জ্ঞান অর্জন ও সৃজনশীল চিন্তাভাবনা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট