নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। বিপুল ঋণের চাপ নিয়েও সরকার জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রেখেছে।
বুধবার (১৭ জুন) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দন ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি দেশের ১৯টি উপজেলার সঙ্গে যুক্ত হয়ে একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় গুমানমর্দন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ১২৪টি পরিবারের সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়।
মীর হেলাল বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রান্তিক ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। এ লক্ষ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একের পর এক সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করার বিকল্প নেই।
তিনি বলেন, শুধু দালান-কোঠা, রাস্তা-ঘাট কিংবা অবকাঠামো নির্মাণ করলেই একটি দেশ উন্নত হয় না। দেশের সুবিধাবঞ্চিত, নিম্নআয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে পারলেই প্রকৃত উন্নয়ন সম্ভব।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষের প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চিকিৎসা ব্যয় কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের স্বার্থে সিগারেট ও মদের দাম বাড়ানো হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এসময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সফিকুল ইসলাম, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক আল আমিন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম প্রমুখ।
দৈনিক চট্টগ্রামপোস্ট