প্রবীর সুমন খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি দিঘীনালায় কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি সম্পর্কে ধারণা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি জনসচেতনতামূলক ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮অক্টোবর) সকালে দিঘীনালা জোন কমান্ডারের উদ্যোগে জোনের আরএমও এর তত্ত্বাবধানে দিঘীনালা ডিগ্রি কলেজে আয়োজিত এ ক্লাসের প্রতিপাদ্য ছিল বয়ঃসন্ধিকালে মেয়েদের স্বাস্থ্য সচেতনতা ও করণীয় বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এতে দিঘীনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি দিঘীনালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ ৫শতাধিক শিক্ষার্থী সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয়।
ক্লাসে বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক পরিবর্তন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, মাসিককালীন স্বাস্থ্যবিধি, পুষ্টি এবং এ সময় সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের নিজেদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সঠিক ধারণা ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এ সময় অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এর মাধ্যমে মাসিককালীন স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী ব্যবহারে উৎসাহিত করা হয়।
আয়োজকদের মতে, বয়ঃসন্ধিকাল একটি মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে সঠিক স্বাস্থ্যবিধি, পুষ্টি ও পরিচ্ছন্নতা সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকলে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এড়ানোর পাশাপাশি আত্মবিশ্বাসের সঙ্গে এ সময়টি পার করা সম্ভব। তাই শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে একটি সুস্থ, সচেতন ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে ওঠার পথ আরও সুগম হবে বলে আশা করা হচ্ছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট