খাগড়াছড়ি প্রতিনিধি //
খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অঙ্গীকার করেছেন বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী আবদুল ওয়াদুদ ভূইয়া। তিনি বলেছেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন কখনোই সম্ভব নয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে দীঘিনালা উপজেলা সদর প্রেসক্লাবের সামনে থেকে শুরু হওয়া পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে তিনি উপজেলার গুরুত্বপূর্ণ ১৫টি স্থানে পথসভা এবং বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন।
পথসভায় বক্তব্যে আবদুল ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়ি একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জেলা। দীর্ঘদিন ধরে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী এখানে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিএনপি সরকার ক্ষমতায় এলে ন্যায়ভিত্তিক শাসনের মাধ্যমে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে ঘুষ ছাড়া চাকরির ব্যবস্থা করা হবে। বিগত সরকারের আমলে একটি চাকরির জন্য ১৫ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ওয়াদুদ ভূইয়া বলেন, “আমরা ক্ষমতায় গেলে ঘুষ ছাড়া, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে।” পাশাপাশি তিনি আশ্বাস দেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই সংসদীয় আসনে যে উন্নয়ন হয়েছে, তার চেয়েও বহুগুণ বেশি উন্নয়ন করা হবে।
স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে মন্তব্য করে বিএনপি প্রার্থী বলেন, স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হলে জনগণের প্রত্যাশিত উন্নয়ন বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে। তাই এলাকার সার্বিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় গেলে দেশের বিভিন্ন খাতে চলমান অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। একই সঙ্গে সব ধর্মের মানুষের জানমাল, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
পথসভায় জামায়াতে ইসলামীর প্রার্থীদের সমালোচনা করে আবদুল ওয়াদুদ ভূইয়া বলেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এ ধরনের বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। নামের সঙ্গে ‘জামায়াতে ইসলামী’ থাকলেও তাদের কর্মকাণ্ড ইসলামের মূল শিক্ষা ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচিত হলে ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড চালুর মাধ্যমে সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কার্যকর ভূমিকা রাখা হবে।
পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিন্টু, জেলা বিএনপির উপদেষ্টা মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট