এম মনির চৌধুরী রানা
“জনবান্ধব, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা – সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে বোয়ালখালী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী এবং বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পম্পী বড়ুয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, সদস্য মোঃ খোরশেদ আলম, সদস্য এম মনির চৌধুরী রানা সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।
মেলায় সেবা নিতে আসা কয়েকজন সেবাগ্রহীতা জানান, আগে নামজারি বা খারিজসহ বিভিন্ন ভূমিসেবা নিতে দীর্ঘদিন ভূমি অফিসে ঘুরতে হতো। বর্তমানে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মেলায় এসে সহজে ও দ্রুত সেবা পাওয়া যাচ্ছে। মেলা কমিটির পক্ষ থেকে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা, তথ্য বা পরামর্শের জন্য উপজেলার সর্বস্তরের জনগণকে মেলা পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট