নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
জোনটা ইন্টারন্যাশনালের জোনটা ক্লাব অব চিটাগং এর উদ্যোগে শিশু রামিসার ওপর নৃশংসতার প্রতিবাদে রোববার (২৪ মে) চিটাগং প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
জোনটা ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাসরিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি রেহনুমা আলম, ট্রেজারার শারমিন হোসেন, প্রাক্তন এরিয়া ডিরেক্টর ফারানাজ কাইয়ুম, ক্লাব ডিরেক্টর দিলশাদ হক, সদস্য সুলতানা নুরজাহান রোজি, ডা. কামরুন নাহার দস্তগীর, জেরিন নিজাম শেখ প্রমুখ।
এতে নারী ও শিশু অধিকার সুরক্ষায় কাজ করা প্রায় ২০টি সংগঠনের সদস্যরা অংশ নেন। ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর ইনার হুইল ক্লাব অব চিটাগং এর প্রেসিডেন্ট লক্ষী ধর ও তার টিম, ইনার হুইল ক্লাব অব চিটাগং সি কুইন এর প্রেসিডেন্ট সোমা আলম, সৈয়দা জিনাত আরা নিপুণ ও তার টিম, ইনার হুইল ক্লাব অব অনন্যা এর সুলতানা নুরজাহান রোজি, ওনুর আক্তার ও তার টিম, ইনার হুইল ক্লাব অব চিটাগং লুসাই হিলস্ এর সদস্যবৃন্দ, ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদ এর প্রেসিডেন্ট ফেন্সি ইসমাইল ও তার টিম, ইনার হুইল ক্লাব অব জেনিথ এর জেরিন নিজাম শেখ ও রিজওয়ানা সালের টিম, ইনার হুইল ক্লাব অব রেইনবো এর ফারহানা হক ও তার টিম উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী জেসমিন সুলতানা পারু।
মানববন্ধনে উপস্থিত নারী নেত্রীরা স্লোগান তোলেন, “রামিসার সাথে হওয়া সহিংসতার বিচার চাই।”
জোনটা ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট রেবেকা নাসরিন বলেন, “শিশু রামিসার ওপর যে নৃশংসতা সংঘটিত হয়েছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও মানবতাবিরোধী। আমরা দ্রুত বিচার ও অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
প্রাক্তন এরিয়া ডিরেক্টর ফারানাজ কাইয়ুম বলেন, “রামিসার মতো নিষ্পাপ শিশুর জীবন এভাবে ঝরে পড়া সমাজের জন্য গভীর উদ্বেগের বিষয়। ভবিষ্যতে যেন আর কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয়, সে জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
ডা. কামরুন নাহার দস্তগীর বলেন, “এ ধরনের হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজ ও আমাদের সন্তানরা পাশবিক নির্যাতনের ঝুঁকি থেকে মুক্ত থাকবে না।”
দৈনিক চট্টগ্রামপোস্ট