ঢাকা | বঙ্গাব্দ

কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা চালু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা চালু ছবির ক্যাপশন: কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সেবা চালু
ad728
কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও কার্যকর করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্স সেবা চালু করা হয়েছে। সরকারি নির্ধারিত মাত্র ৩৫০ টাকা ভাড়ায় রোগীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর অর্থায়নে একটি অ্যাম্বুলেন্স কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তরের পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসার উদ্যোগে চালক নিয়োগ, জ্বালানি বরাদ্দসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়। 

কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্ধারিত ইউজার ফি হিসেবে মাত্র ৩৫০ টাকা পরিশোধ করে রোগীরা অ্যাম্বুলেন্স সেবা নিতে পারবেন। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা রোগীদের বিভিন্ন সরকারি হাসপাতালে দ্রুত ও নিরাপদে স্থানান্তরের ক্ষেত্রে এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টরা মনে করছেন, অ্যাম্বুলেন্স সেবা চালুর ফলে জরুরি রোগী পরিবহনে দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে। একই সঙ্গে সংকটাপন্ন রোগীদের দ্রুত চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়ার মাধ্যমে চিকিৎসাসেবার মান ও কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেসা বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী অ্যাম্বুলেন্সটি মূলত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার হওয়া রোগীদের পরিবহনের কাজে ব্যবহৃত হবে। এজন্য রোগীকে প্রথমে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক অন্য সরকারি হাসপাতালে স্থানান্তরের প্রয়োজন মনে করলে অ্যাম্বুলেন্স সেবা দেওয়া হবে। এ ক্ষেত্রে সরকারি নির্ধারিত ভাড়া মাত্র ৩৫০ টাকা।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজস্ব ভবনের সংস্কার কাজ চলমান থাকায় বর্তমানে অস্থায়ী কার্যালয় থেকে বহির্বিভাগের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কারণে প্রাথমিকভাবে প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত অ্যাম্বুলেন্স সেবা চালু থাকবে। ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

অ্যাম্বুলেন্স সেবা গ্রহণ কিংবা প্রয়োজনীয় তথ্য জানতে চালক আবসারের মোবাইল নম্বর ০১৮৭৫-৫৬০৮৭৯-এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য