নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
অমর একুশের প্রথম কবিতার স্রষ্টা, ভাষা সংগ্রামী বরেণ্য বুদ্ধিজীবী, ‘সীমান্ত' সাময়িকীর সম্পাদক ও পঞ্চাশের দিকের চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রদূত কবি মাহবুব উল আলম চৌধুরীর ১০০তম জন্মদিন আজ ৭ নভেম্বর। মাহবুব উল আলম চৌধুরীর নানা বিষয়ে বিভিন্ন আঙ্গিকে বহু কবিতা, গল্প, নাটক এবং প্রবন্ধ রচনা করেছেন। সম্পাদনা করেছেন পূর্ব পাকিস্তানের প্রকাশিত প্রথম মর্যাদাবান মাসিক সাহিত্য পত্রিকা ‘সীমান্ত' (১৯৪৭-১৯৫২)। সত্তর দশকে সম্পাদনা করেন চট্টগ্রাম থাকে প্রকাশিত ‘দৈনিক স্বাধীনতা’ (১৯৭২-১৯৮২)। দীর্ঘ সময়ব্যাপী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাহিত্য, সংস্কৃতি এবং রাজনীতিকে একই মেলবন্ধ মিলিয়েছিলেন। ১৯২৭ সালের ৭ নভেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার গহিরা গ্রামে আসাদ চৌধুরী পরিবারে তাঁর জন্ম।
এদিকে কবি মাহবুব উল আলম চৌধুরীর ১০০তম জন্মদিন উপলক্ষে উচ্চারক আবৃত্তি কুঞ্জ মাহবুব উল আলম চৌধুরী স্মারক বক্তৃতা, আলোচনাসভা ও আবৃত্তি কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে গতকাল ৬ নভেম্বর শুক্রবার নগরীর এম এম আলী রোডের উচ্চারকের নিজস্ব কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উচ্চারক সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উচ্চারকের শুভানুধ্যায়ী পর্ষদ সদস্য সংগীতশিল্পী মোঃ মোস্তফা কামাল, সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী, লেখক খন রঞ্জন রায়, অধ্যাপক বাবলা চৌধুরী, খায়রুল আনোয়ার চৌধুরী, আবু তাহের চৌধুরী, শামসুল ইসলাম,
উচ্চারকের সহ-সভাপতি এ এস এম এরফান, মৌসুমী চক্রবর্তী, সাধারণ সম্পাদক শামীমা ইয়াছমিন, সদস্য হামিদ উদ্দিন, সাগর ভট্টাচার্য্য, সঞ্জয় দাশ, তুলতুল চৌধুরী তাফসিরুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ৭ জানুয়ারি চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্যভাবে উচ্চারক কবির জন্মশতবর্ষ উদযাপন সিদ্ধান্ত গৃহীত হয়।
দৈনিক চট্টগ্রামপোস্ট