ঢাকা | বঙ্গাব্দ

তাইম হত্যায় প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, ফের ২৫ অক্টোবর

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 12, 2026 ইং
তাইম হত্যায় প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, ফের ২৫ অক্টোবর ছবির ক্যাপশন: তাইম হত্যায় প্রথম দিনের যুক্তিতর্ক শেষ, ফের ২৫ অক্টোবর
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানসহ ১১ আসামির বিরুদ্ধে প্রথম দিনের যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

প্রসিকিউশনের পক্ষে এদিন যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ, সহিদুল ইসলাম সরদার, মার্জিনা রায়হানসহ অন্যান্য প্রসিকিউটর।

যুক্তিতর্কে মামলার পটভূমি তুলে ধরেন প্রসিকিউটর মিজানুল। একইসঙ্গে তাইমকে কীভাবে, কোথায় হত্যা করা হয়েছে, এর বর্ণনা দেন। তবে শেষ না হওয়ায় পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৫ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় ১১ আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছেন দুজন। তারা হলেন- যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হাসান ও সাবেক এসআই শাহাদাত আলী। তারা আজ ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।

হাবিবসহ পলাতক অন্য আসামিরা হলেন- ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ওয়ারি জোনের সাবেক ডিসি ইকবাল হোসাইন, এডিসি শাকিল মোহাম্মদ শামীম, ডেমরা জোনের তৎকালীন এডিসি মো. মাসুদুর রহমান মনির, তৎকালীন সহকারী পুলিশ কমিশনার নাহিদ ফেরদৌস, যাত্রাবাড়ী থানার তৎকালীন পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) ওহিদুল হক মামুন ও এসআই (নিরস্ত্র) সাজ্জাদ উজ জামান।

এর আগে, ১৬ জুন আসামিদের বিরুদ্ধে ২৫ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। ১৫ জুন তার জবানবন্দি শুরু হয়। এরপর তাকে জেরা করেন আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবীরা। সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে যুক্তিতর্কের জন্য আজকের দিন ধার্য করা হয়।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এরপর সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৯ মার্চ।

প্রসিকিউশনের অভিযোগে বলা হয়, জুলাই অভ্যুত্থান চলাকালীন ২০২৪ সালের ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা এলাকায় হাবিব-সুদীপসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে খুব কাছ থেকে গুলি চালিয়ে নির্মমভাবে তাইমকে হত্যা করা হয়। বাঁচাতে এগিয়ে এলে তার বন্ধু রাহাতকেও গুলি চালায় পুলিশ। এসব ঘটনায় আসামিদের বিরুদ্ধে হত্যার নির্দেশ, উসকানি-প্ররোচনাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে রাষ্ট্রপক্ষ।

উল্লেখ্য, তাইমের বাবা মো. ময়নাল হোসেন ভূঁইয়াও পুলিশের একজন কর্মকর্তা। তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার