নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে পরীক্ষামূলকভাবে ১০টি প্যাডেল এসিস্ট জো বাইক চালু করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় চাকসু ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এ সেবার উদ্বোধন করেন।
চাকসু প্রতিনিধিরা জানিয়েছেন, আগামী ৪০ দিনের জন্য ১০টি প্যাডেল এসিস্ট জো বাইক চালু করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫টি জোনে এটির পার্কিং স্থান নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট এপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে চালু ও বন্ধ করতে পারবে। শিক্ষার্থীদের এই সেবার বিনিময়ে মিনিট প্রতি দেড় টাকা প্রদান করতে হবে।
এ ছাড়া ৪০ দিন পর প্রায় ১০০টি প্যাডেলচালিত জো বাইক চালু করা হবে। শিক্ষার্থীদের এ সেবা পেতে প্রতি মিনিটে ৮০ পয়সা প্রদান করতে হবে।
জো বাইক সেবার উদ্বোধন শেষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো জো বাইক সেবা চালু করায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মেহেদী রেজাকে ধন্যবাদ জানাই। প্রথমবার তিনি কিছু তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়ে ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন। তবে এবার এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলে আশা করি। আমাদের শিক্ষার্থীরা আরও দায়িত্বশীল ও সহযোগিতাপরায়ণ ভূমিকা পালন করবে।
চাকসুর যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভুঁঞা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ সালের দিকে প্রথমবারের মতো জো বাইক সেবা চালু হয়েছিল। তবে বিভিন্ন কারণে প্রায় পাঁচ বছর ধরে সেবাটি বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এটি পুনরায় চালুর দাবি জানিয়ে আসছিলেন। আমরা দায়িত্ব গ্রহণের পর ২০২৫ সালে জো বাইকের সিইও মেহেদী রেজার সঙ্গে সাক্ষাৎ করে বিশ্ববিদ্যালয়ে পুনরায় সেবাটি চালুর অনুরোধ জানাই। এরই ধারাবাহিকতায় আজ পরীক্ষামূলকভাবে ১০টি জো বাইক চালু করা হয়েছে।
জোবাইকের প্রতিষ্ঠাতা ও সিইও মেহেদী রেজা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবাইক পুনরায় চালুর দাবিতে ২০২৩ সালে শিক্ষার্থীরা একটি পিটিশন করেছিলেন। এরপর থেকে আমরা বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছিলাম। অবশেষে আজ জোবাইক নিয়ে আবার ক্যাম্পাসে ফিরতে পেরেছি। আগে এখানে শুধু প্যাডেল সাইকেল ছিল, তবে এবার আমরা ইলেকট্রিক বাইক (ই-বাইক) সেবাও যুক্ত করেছি।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের চাহিদা ও সাড়ার ভিত্তিতে আগামী ৪০ দিনের মধ্যে ১০০টি প্যাডেল সাইকেলের পাশাপাশি আরও ৫০টি ই-বাইক সংযোজন করা হবে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রায় ২০টি নির্ধারিত পার্কিং পয়েন্ট স্থাপন করা হবে এবং শিক্ষার্থীদের এসব পয়েন্টেই সাইকেল রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক জো ক্যাফেও নির্মাণের পরিকল্পনা রয়েছে।
দৈনিক চট্টগ্রামপোস্ট