ঢাকা | বঙ্গাব্দ

ড. সায়েমকে ভিসি হিসেবে পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মিছিল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 30, 2026 ইং
ড. সায়েমকে ভিসি হিসেবে পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মিছিল ছবির ক্যাপশন: ড. সায়েমকে ভিসি হিসেবে পুনর্বহালের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মিছিল
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনের নবম দিনে চোখে কালো কাপড় বেঁধে মিছিল করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করেন তারা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। এতে আন্দোলনরত শিক্ষার্থীরা চোখে কালো কাপড় বেঁধে অংশ নেন। শিক্ষার্থীরা এটিকে প্রশাসনের নীরবতার প্রতীক হিসেবে তুলে ধরেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র সংলগ্ন সড়ক হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘প্রশাসন নীরব কেন, জবাব চাই, জবাব চাই’, ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’ এবং ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে অংশ নেওয়া পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইজাজ মাহমুদ খান বলেন, আমরা প্রায় নয় দিন ধরে চুয়েটে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে দেখছি, প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না কিংবা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে আজ দুপুরে চোখে কালো কাপড় বেঁধে প্রশাসনের এই নীরবতার প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষার্থীরা জানান, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স